কক্সবাজারের পেকুয়া উপজেলার ভোলাইয়াঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি বসতভিটা ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের হামলায় এক যুবক আহত হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা জাফর আলম তার ছেলে মিজবাহ উদ্দীনসহ কয়েকজন সহযোগীকে নিয়ে মো. আবু ছিদ্দিক ওরফে বাশেকের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বসতভিটার বিভিন্ন গাছ কেটে ফেলে এবং ঘরবাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বাধা দিতে গেলে আবু ছিদ্দিকের ছেলে আব্দুর রহিমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থলে আসে এবং বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ বিস্তারিত তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
পেকুয়া প্রতিনিধি










