ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে মাত্র তিন শ্রেণির কর্মকর্তাকে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন রাখতে পারবেন কেবল প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য। এই আনসার সদস্যরা অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার কিংবা ভিডিপি হতে পারেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকায় সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তির মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য বা ছবি ছড়িয়ে পড়া রোধ করতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা তদারকির জন্য আনসার সদস্যদের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এদিকে এই নির্দেশনা বিভাগীয় ও জেলা পর্যায়ের সব সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

-এমইউএম