চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। ফলে যোগ্য ও সৎ নেতার অভাবে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। ধানের শীষ গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে।
তিনি রবিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী রাজমহল কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাজীর দেউরী মহল্লাবাসীর উদ্যোগে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র একটি ভোট না, এটি দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নিরাপত্তার লড়াই। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই জনগণ এবার ধানের শীষ প্রতীককে তাদের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ৯ আসনের উন্নয়ন আমার অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও পানীয় জলের সমস্যা সমাধানসহ বেকারত্ব দূরীকরণে কাজ করব। আমি জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো। তবে তা সম্ভব হবে আপনারা সকলে একত্রিত হয়ে ধানের শীষের পাশে দাঁড়ালে।
কাজীর দেউরী মহল্লার আবদুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবু ফয়েজের সঞ্চানালয়ে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর মহিলাদলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম, নাছির উদ্দীন, মো. ইলিয়াস, আবু জাফর প্রমুখ।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










