স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে। কমিশন সর্বোচ্চভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে এবং তা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বহু ভোটার তাদের ভোট দিয়েছেন এবং তাদের দেওয়া ব্যালট পেপার দেশে পৌঁছে গেছে। তিনি বলেন, লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, এ নির্বাচনে ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন এবং তাদের রিপোর্ট ও প্রতিবেদন নির্বাচন সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরবে এটাই প্রত্যাশা।

সার্বিক প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। ভোটগ্রহণ ও গণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে হবে এবং কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।

-এমইউএম