যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছে, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতেই হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বিগত সময়ে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার-আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল তাদের কী পরিণতি হয়েছে, আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে অবস্থান করছে। আমরা সতর্ক করে বলতে চাই, যারা আবারও কেন্দ্র দখলের পাঁয়তারা করছে, যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকারবঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতেই হবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে আরেকটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের হুঁশিয়ার করে দিতে চাই বাংলার মানুষ আপনাদের চরমভাবে প্রতিহত করবে।”

মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-১ আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এমইউএম