বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি দুর্নীতি কমানোর কথা বললেও জনগণের কাছে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ অতীতে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো বাস্তবায়ন হয়নি।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি এক সময় দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা, কৃষকদের ঋণ মওকুফ এবং বেকারদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় থাকা সময়ে তারা এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই এখন তাদের বক্তব্য শুনলে “শয়তানও মিটিমিটি হাসে”।
তিনি আরও বলেন, দেশে আবারও জুলুম-নির্যাতনের রাজনীতি চালু করার চেষ্টা চলছে, যা জনগণ আর চায় না। সাম্প্রতিক সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেন তিনি।
জনসভায় জেলা জামায়াতে ইসলামের আমির ও কিশোরগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রমজান আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতারা।
-এমইউএম










