ঢাকা-১৩ আসনে নাটকীয় মোড়: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. শাহরিয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের ‘হারিকেন’ প্রতীকের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ড. শাহরিয়ার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে ড. শাহরিয়ার তার সরে দাঁড়ানোর কথা ব্যক্ত করেন। এ সময় তিনি তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ড. শাহরিয়ার নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই আসনে লড়াই এখন মূলত দ্বিমুখী হতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন: ববি হাজ্জাজ: বিএনপি মনোনীত প্রার্থী (প্রতীক: ধানের শীষ), আল্লামা মামুনুল হক: ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (প্রতীক: রিকশা)।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা-১৩ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে থাকলেও শেষ মুহূর্তে একজন প্রার্থীর এই আকস্মিক প্রস্থান ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
লামিয়া আক্তার