চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এর ভাই ওসমান আলী সেগুনকে আটক করেছে পুলিশ। তাকে আটক করে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিতে নিহত হন চট্টগ্রামের আরেক সন্ত্রাসী স্বরোয়ার হোসেন ওরফে বাবলা। এই ঘটনায় ওসমান আলী’কে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে।

জানা গেছে, বাবলা একসময় এইট মার্ডারের আসামি এবং সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। পরে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধের কারণে তিনি আলাদা দল গঠন করেন। তখন গুরু সাজ্জাদের সহযোগী ছোট সাজ্জাদ তাকে “দেখে নেওয়ার” হুমকি দেন। বড় সাজ্জাদের নির্দেশে বাবলাকে টার্গেট করে একাধিকবার হামলার ঘটনা ঘটে। প্রতিবারই প্রাণে বেঁচে গেলেও ৫ নভেম্বরের ঘটনায় তিনি বেঁচে যাননি—পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলিতে তিনি নিহত হন।

-এমইউএম