আমাদের সিনিয়রদের নিয়েও অনেক সুন্দর গল্পে কাজ করা যায় : ববিতা

ফরিদা আক্তার ববিতা। বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী। এ বছর একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। আলোকিত স্বদেশেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন একুশে পদকের মনোনয়ন, দীর্ঘ অভিনয় জীবন এবং অভিনয় থেকে দূরে থাকাসহ নানা কথা।

ববিতা জানান, নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে প্রথম নায়িকা হিসেবে অঅভিষেক ঘটে। তার আগে একটি সিনেমাতে তার মেয়ের চরিত্রে ছিলাম। সে সিনেমাতে নায়িকা ছিলেন আমার বড় বোন সুচন্দা। তারপর জহির ভাই আবার রাজ্জাক সাহেবের বিপরীতে আমাকে নায়িকা করেন। জহির ভাইয়ের মাধ্যমে রাজ্জাক সাহেবের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিনেতা হিসেবে যেমন দারুণ ছিলেন মানুষ হিসেবেও চমৎকার ছিলেন। তার মতো অভিনেতা ও মানুষ এখন পাওয়া কঠিন বলতে পারি। সিনেমায় এখন কীসের অভাব মনে করেন এই প্রশ্নের উত্তরে ববিতা জানান, সত্যি বলতে আমাদের সিনেমায় এখন সেই একজন আমজাদ হোসেন নেই। একজন খান আতাউর রহমান কিংবা সুভাষ দত্ত নেই। অনেক ক্ষেত্রেই নির্মাতাদের অপরিপক্কতা দেখা যায়। এ কারণে যারা এখন ভালো কাজ করছে তারাও সঠিকভাবে নিজেদের প্রকাশ করতে পারছে না।

আমি প্রায় এক দশক নতুন কোনো সিনেমাতে কাজ করিনি। এ সময়ে আমি কোনোদিন বলিনি অভিনয় করব না। আমার কাছে কিছু সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু সেগুলো পছন্দ হয়নি। এ সময়ে তো আমি নামমাত্র কোনো সিনেমাতে কাজ করব না। কোনো গল্প বা চরিত্রে যদি দর্শককে কিছু দেওয়ার না থাকে সেখানে কেন আমি কাজ করব? আমাদের সিনিয়রদের নিয়েও অনেক সুন্দর গল্পে কাজ করা যায়। আমাদের পাশের দেশের দিকে তাকালে সেটি স্পষ্ট দেখতে পারি।

 

মাহমুদ সালেহীন খান