“আমার বাবা-চাচা বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন আমিও এই দলটাই করব-হুমায়রা সুবহা

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা সুবহা আবারও রাজনীতির আলোচনায় উঠে এসেছেন। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন সুবহা। এবার তিনি অন্য নাসিরকে নিয়ে মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।

সুবহা বলেন, “আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাকস্বাধীনতা যে পেয়েছি, সেটা নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাকস্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।”

চিত্রনায়িকা হুমায়রা সুবহা বর্তমানে বনানীতে বসবাস করছেন। বনানী ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এ এলাকার ভোটাররা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত। সুবহা জানান, তিনি তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করছেন এবং বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন।

এরই মধ্যে তাকে ধানের শীষ প্রতীকী বিভিন্ন মিছিল ও মিটিংয়ে উপস্থিত হতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সুবহা বলেন, “আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব বিষয় আমার কাছে অনৈতিক মনে হতো, তা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একসময় আমার মনে হলো, যেহেতু আমি এত বড় আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবার আমার অফিসিয়ালি রাজনীতিতে নামা দরকার।”

তিনি আরও জানান, “আমার বাবা-চাচা বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমি মনে করলাম—আমিও এই দলটাই করব। এখনো আমার কোনো পদ-পদবি নেই। আমি শুধু প্রচারণা কমিটিতে রয়েছি। তাই তারেক রহমানের হয়ে ভোট চাইছি। এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলে, ‘আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব। ওনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’”

সুবহা রাজনীতিতে তার নতুন পদক্ষেপের পাশাপাশি পুরনো আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্য প্রকাশ করেছেন। উল্লেখ্য, ঢাকা-১৭ এলাকায় এবারের নির্বাচনে তারেক রহমানের জন্য প্রচারণা করতে সক্রিয় চিত্রনায়ক ও অভিনেতাদের অংশগ্রহণ নজর কাড়ছে।

এভাবে হুমায়রা সুবহা শুধু অভিনয় জগতে নয়, রাজনীতিতেও নিজের পরিচিতি দৃঢ় করতে উদ্যত হয়েছেন। রাজনীতিতে তার এই আগমন রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

-বিথী রানী মণ্ডল