সারাদেশে ঝটিকা সফর শেষ করে আজ রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারণার শেষ ধাপে নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত প্রথম পথসভায় আবেগঘন বক্তব্য রেখে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন তিনি।
বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করে তিনি নিজেকে এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দেন। তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শৈশব থেকে এখানেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানদের জন্ম এখানে, এমনকি আমাদের বিয়েও এই এলাকাতেই হয়েছে। কাজেই এই মাটির সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অধিকার আমার আছে।”
রাস্তাঘাট ও জননিরাপত্তা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন: ঢাকাকে এমন একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে যেখানে মা-বোনেরা যেকোনো সময় নির্ভয়ে চলাচল করতে পারবেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবেন। বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে নতুন করে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়কটি প্রশস্ত করার বিশেষ অঙ্গীকার করেন তিনি।
রাস্তায় প্রচণ্ড ভিড় এবং জনসাধারণের চলাচলের সুবিধার কথা চিন্তা করে তারেক রহমান তার বক্তব্য দীর্ঘ করেননি। তিনি বলেন, “এটি নির্বাচনী পথসভা এবং মানুষের চলাচলের রাস্তা, তাই আমি বক্তব্য লম্বা করব না। ১২ তারিখে আপনারা সবাই ধানের শীষকে জয়যুক্ত করবেন, এটাই আমার বিনীত অনুরোধ।”
ইসিবি চত্বরের এই পথসভা শেষ করে তারেক রহমান তার পূর্বনির্ধারিত পরবর্তী পথসভাগুলোর উদ্দেশ্যে পল্লবীর দিকে রওনা হন।
-লামিয়া আক্তার










