চেলসি মিডফিল্ডার কোল পালমার ইংলিশ ফুটবলের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করে রেখেছেন। শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তিনি এমন এক কীর্তি গড়েন, যা আগে কোনো খেলোয়াড় করতে পারেননি।
অপটা-র তথ্য অনুযায়ী, পালমার প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লিখলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে তিনি ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেন।
প্রথম দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। তৃতীয় গোলটি কুকুরেল্লার নিচু ক্রসে ছয় গজ বক্সের ভিতর থেকে সম্পন্ন করেন পালমার।
এটি তার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ আগে এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। অনেক খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারে একবারের বেশি হ্যাটট্রিক হয় নাতাই পালমারের এই কীর্তি সত্যিই অসাধারণ।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে পালমার চেলসির ইতিহাসেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে চেলসির হয়ে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিক করার কীর্তি এখন তার নামেই। তার আগে এই রেকর্ড শেয়ার করতেন ক্লাব লিজেন্ডরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তারা তিনটি করে হ্যাটট্রিক করেছিলেন।
চেলসির এই তরুণ তারকার ছন্দ দেখে মনে হচ্ছে, আরও অনেক রেকর্ড ভাঙতে তার হাতেই সময় লাগবে না।
-এমইউএম










