পার্বত্য অঞ্চলের শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে দীঘিনালা জোনের উদ্যোগে বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় দীঘিনালা ইউনিয়নের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক প্রতিনিধি, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল আল-আমিন বলেন, শিক্ষাই একটি জাতির আত্মশক্তি। সুশিক্ষিত প্রজন্ম ছাড়া কোনো সমাজ টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে স্বপ্ন দেখার আহ্বান জানান এবং বলেন, প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত জ্ঞান, শৃঙ্খলা ও মানবিকতায় নিজেকে প্রস্তুত করা।
বক্তব্য শেষে জোন কমান্ডারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম জোরদারে প্রতিষ্ঠানটির সভাপতির হাতে আর্থিক সহায়তাও হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জোন কমান্ডার বলেন, দীঘিনালা জোন শুধু নিরাপত্তা নিশ্চিত করতেই নয় শিক্ষা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব সম্প্রদায়ের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি










