জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার এই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে ‘জুলাই চার্টার’ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র চার দিন আগে নাহিদ ইসলামের এই ভাষণকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং এনসিপির নির্বাচনি ইশতেহারের মূল দিকগুলো দেশবাসীর সামনে তুলে ধরবেন।

বিশেষ করে, এনসিপি যে ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে লড়ছে, সেই জোটের লক্ষ্য ও আগামীর ‘নতুন বাংলাদেশ’ গড়ার রূপরেখা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তাদের দলীয় প্রধানের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিবন্ধিত ও প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ নাহিদ ইসলাম তাঁর বক্তব্য পেশ করবেন।

উল্লেখ্য, আগামীকাল ৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে নির্ধারিত রয়েছে।

-লামিয়া আক্তার