৩০ নভেম্বর ধুমধাম করে বিয়ে হয়েছে প্রখ্যাত জাদুকর পিসি সরকারের (জুনিয়র) মেয়ে, অভিনেত্রী মৌবনী সরকারের। বিয়ের পর কেটে গিয়েছে মাত্র তিন মাস। সামনেই প্রেম দিবস, আর তার আগেই নিজের বদলে যাওয়া জীবন ও ভালোবাসার কথা আনন্দবাজার ডট কম–এর সঙ্গে ভাগ করে নিলেন মৌবনী।
বিয়ের পর এই প্রথম প্রেম দিবস উদযাপন করতে চলেছেন মৌবনী ওতার স্বামী সৌম্য। অভিনেত্রীর কথায়, বিয়ের পরে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। মৌবনী জানান, তিনি বরাবরই বিয়েতে বিশ্বাসী। জীবনের পথে অনেকের সঙ্গেই আলাপ হয়েছে, কিন্তুতার কাছে সব সময়েই চিরস্থায়ী সম্পর্ক ও একসঙ্গে থাকার প্রতিশ্রুতিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মানসিকতার মানুষই পেয়েছেন তিনি সৌম্যের মধ্যে।
সম্বন্ধ করে বিয়ে হওয়ায় বিয়ের আগে বিশেষ মেলামেশার সুযোগ ছিল না। তবে সেটাকেই ইতিবাচকভাবে দেখেন মৌবনী।তার কথায়, “আমি চাইনি বিয়ের আগে সম্পর্ক গড়ে উঠুক। বরং বিয়ের পরে ধীরে ধীরে সম্পর্কটা বেড়ে উঠুক। বিয়ের পর আমাদের মধ্যে বোঝাপড়া এবং একে অপরের উপর নির্ভরশীলতা অনেকটাই বেড়েছে।
দু’জনের পেশা আলাদা—সৌম্য একজন রিসার্চ অ্যানালিস্ট, আর মৌবনী অভিনেত্রী। তবু কাজের ভিন্নতা সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। বরং একে অপরের কাজকে সম্মান করাই তাঁদের সম্পর্কের শক্তি বলে মনে করেন মৌবনী।
শুধু সম্পর্ক নয়, বিয়ের পরে নাকি নিজেকেও অনেকটাই বদলে ফেলেছেন অভিনেত্রী। আগে যেখানে নিজের কথা ভাবতেন, এখন সেখানে ভাবনায় জায়গা পেয়েছে ‘আমরা’। নিয়মিত নতুন নতুন রান্না করছেন, যা বিয়ের আগে কখনও ভাবেননি। মেয়ের এই পরিবর্তন দেখে বিস্মিত মৌবনীর মা জয়শ্রী সরকারও।
প্রথম প্রেম দিবস উপলক্ষে আগেই অফিস থেকে ছুটি নিয়েছেন সৌম্য। মৌবনীও কাজ রাখেননি। নির্দিষ্ট দিনে ভালোবাসা উদযাপনে বিশ্বাস না করলেও, দিনটিকে বিশেষ করতে চান তারা। পরিকল্পনায় রয়েছে গানের অনুষ্ঠানে যাওয়া। তা না হলে বাড়িতেই বিশেষ কিছু রান্না করে একে অপরের সঙ্গে সময় কাটাবেন। মৌবনীর কথায়, “সবচেয়ে জরুরি হল একে অপরকে সময় দেওয়া।
-বিথী রানী মণ্ডল










