ফেসিয়াল কতটা প্রয়োজন ও কখন করবেন

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি আমাদের স্বাস্থ্য ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ দিক। তবে, আধুনিক জীবনযাত্রা, দূষণ এবং ভুল ত্বক পরিচর্যার কারণে অনেকেই ত্বকের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন স্ক্রাব, স্টিম ও কেমিক্যাল ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হতে পারে। 

এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং অত্যন্ত জনপ্রিয় একটি প্রক্রিয়া, যা ত্বকের মৃত কোষ অপসারণে সাহায্য করে। তবে, অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের উপরিভাগের প্রাকৃতিক তেল সরিয়ে দেয়, যার ফলে ত্বকে শুষ্কতা, জ্বালা ও লালচে ভাব দেখা দিতে পারে। অনেকেই মনে করেন, ত্বককে পরিষ্কার রাখতে এক্সফোলিয়েশন প্রয়োজন, কিন্তু এটি যদি বারবার করা হয়, তবে ত্বক তার নিজস্ব প্রতিরক্ষামূলক তেল হারাতে পারে।

ভারী পণ্য ও অতিরিক্ত ম্যাসাজ ত্বকের মকূপ বন্ধ করে দেয়, যা ব্রণের সৃষ্টি করে। যদি আপনি নিয়মিত ভারী মেকআপ বা ক্রীম ব্যবহার করেন, তবে ত্বককে প্রাকৃতিকভাবে শ্বাস নিতে দেওয়া উচিত। ত্বককে পরিষ্কার ও হালকা পণ্য ব্যবহার করা উচিত, যা ত্বকের শ্বাস নেয়ার ক্ষমতা বজায় রাখতে সহায়ক।

কেমিক্যাল এবং সুগন্ধি পণ্য ব্যবহার করতেও সাবধানতা অবলম্বন করা উচিত। একাধিক কেমিক্যাল বা সুগন্ধি পণ্য একসঙ্গে ব্যবহার করলে অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায়। তাই, নতুন পণ্য ব্যবহার করার আগে ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করা উচিত।

দীর্ঘদিন অতিরিক্ত ফেসিয়াল করলে ত্বকে দীর্ঘস্থায়ী জ্বালার সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের নিজে থেকে সুস্থ হতে প্রায় ৩-৪ সপ্তাহ সময় লাগে। এই সময়ের আগেই বারবার ফেসিয়াল করলে স্বাভাবিক কোষ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হয়।

-বিথী রানী মণ্ডল