শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের উদ্যোগে এবং ১০ মিনিট স্কুলের সহযোগিতায় ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও বিভিন্ন ট্রফি ও পদক বিতরণ করা হয়।
প্রতিযোগিতার প্রতিটি বিভাগের চ্যাম্পিয়নকে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি এবং ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি। প্রথম রানার-আপরা ট্রফির সঙ্গে ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপরা ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদেরও ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল লক্ষাধিক শিক্ষার্থী। বিভিন্ন ধাপ অতিক্রম করে জুনিয়র (৫ম–৬ষ্ঠ শ্রেণি), ইন্টারমিডিয়েট (৭ম–৮ম শ্রেণি) এবং সিনিয়র (৯ম–১০ম শ্রেণি) বিভাগ থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।
চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি, এআই, শিল্পকলা এবং আইকিউ বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার বিএএফ শাহীন কলেজের সাদাত শরাফাত হোসাইন চৌধুরী। ইন্টারমিডিয়েট বিভাগে প্রথম স্থান অধিকার করেন মাইলস্টোন কলেজের তিতাস চৌধুরী এবং সিনিয়র বিভাগে শীর্ষস্থান অর্জন করেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আম্মার ইবনু শামীম।
গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের সঞ্চালনা করেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও আয়মান সাদিক।
একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন ‘মার্কস অ্যাকটিভ স্কুল ফর্টিফায়েড ইনস্ট্যান্ট মিল্ক’। আয়োজকরা জানান, এই উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের জ্ঞানের পরিধি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-সাইমুন









