নান্দাইলে ইউপি সদস্য প্রবাসে, জনসেবা স্থবির

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হাফিজ রোকন ঋণের বোঝা সামলাতে না পেরে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। স্থানীয় সরকারের অনুমতি বা নিজস্ব অব্যহতি ছাড়াই তিনি সৌদি আরবে চলে যাওয়ায় ওই ওয়ার্ডের জনসেবা স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য রোকন গত দুই বছর ধরে এলাকায় অনুপস্থিত। ঋণের চাপে তিনি গোপনভাবে সৌদি আরবে চলে গেছেন। তাঁর অনুপস্থিতিতে প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা ওয়ারিশ সনদ, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ভিজিএফ-ভিজিডি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা সহ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদের মাসিক সভা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়েছে।

এলাকাবাসী দাবি করেছেন, “ব্যক্তিগত সমস্যার কারণে নাগরিক সেবা বন্ধ রাখা যায় না। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই শূন্যতা পূরণ করে জনসেবা নিশ্চিত করা হোক।”

রোকনের বড় ভাই মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রোকন ঋণের চাপে বিদেশে চলে গেছে। তার অনেক ঋণ রয়েছে।” তিনি আরও জানান, মেম্বারের স্ত্রী বর্তমানে কোথায় আছেন তা পরিবারেও জানেন না।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী, কোনো সদস্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া পর পর তিনটি কার্যনির্বাহী সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হওয়ার বিধান রয়েছে।

রাজগাতি ইউনিয়ন পরিষদ সচিব সুব্রত চক্রবর্তী জানান, ইউপি সদস্যের অনুপস্থিতি বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হচ্ছে এবং যথাযথ নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, “বিষয়টি আমার জানা নেই। সংসদ নির্বাচনের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

-মোঃ সাইদুর রহমান,নান্দাইল