জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা, মীর মোস্তাফিজুর রহমান, মেজর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “রাত ২টা বাজে। আমি হাসপাতালে আব্বুর বিছানার পাশে বসে আছি। আব্বুর মুখের দিকে তাকিয়ে আছি। গতকাল তিনি একটি মেজর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সিসিইউতে রয়েছেন।”
স্নিগ্ধ আরও জানান, “আশ্চর্যের বিষয়, এত বড় অ্যাটাকের পরও আব্বু কোনো ব্যথা অনুভব করছেন না। গত ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় এটি ঘটতে পারে, তবে ঠিক সময়ে কেউ নিশ্চিত করতে পারছে না। মুগ্ধকে হারানোর পর থেকে যেন আর কোনো ব্যথাই সত্যিকারের ব্যথা মনে হচ্ছে না।”
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা আব্বুকে ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়কালে কোনো অতিরিক্ত অ্যাটাক জীবননাশক হতে পারে। এসময়ও তাঁর চিন্তা কেবল একজন ক্যানসার রোগীর কেমোথেরাপির সাহায্য নিয়ে, যাতে প্রয়োজনীয় সহায়তা ঠিকমতো পৌঁছায়।
স্নিগ্ধ বলেন, “মুগ্ধর মানবিক চরিত্র পুরোপুরি আব্বুরই প্রতিচ্ছবি। পরোপকারের শিক্ষা সে আব্বুর কাছ থেকেই পেয়েছে।”
তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে, “একদিকে আব্বুর সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে শহীদ হাদির বিচারের দাবিতে ভাইদের রাস্তায় লাঠিচার্জে আহত হওয়া। নিজেকে ভীষণ অসহায় মনে হয়েছে। হাসপাতালে থাকার কারণে আন্দোলনে যোগ দিতে পারিনি।”
পোস্টে স্নিগ্ধ লিখেছেন, “আজ সারাদিন আব্বু বারবার মুগ্ধের কথাই বলছেন। জন্মের প্রথম কোলে নেওয়ার মুহূর্তটি স্মরণ করতে গিয়ে চোখে পানি টলমল করছিল। এমন অবস্থাতেও ঘুমানোর আগে প্রায় ৩০ মিনিট ধরে আমাকে বোঝালেন, যাই হোক কখনো হার মানবে না। আমাদের জবাবদিহিতা আল্লাহর কাছে।”
-এমইউএম










