ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতায় রয়েছেন। আজ থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
এদিকে নির্বাচন ও ধর্মীয় উৎসবের ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ। এই ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি নির্ধারিত রয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। আর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট পাঁচ দিনের ছুটি পড়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
-এমইউএম










