সুদানে ত্রাণবাহী গাড়িবহরে আরএসএফের ড্রোন হামলার নিন্দা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের

ছবিঃ সংগৃহীত

সুদানের দুর্ভিক্ষকবলিত এলাকায় মানবিক সহায়তা বহনকারী গাড়িবহরে ড্রোন হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরদোফান প্রদেশে সংঘটিত এসব হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হয়েছে। খবর আলজাজিরার।

স্থানীয় কর্তৃপক্ষ ও চিকিৎসা সংস্থাগুলোর তথ্যমতে, শুক্রবার ভোরে একাধিক ড্রোন হামলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ত্রাণবাহী ট্রাক ও জ্বালানি ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। উত্তর কোরদোফান রাজ্য সরকার ডব্লিউএফপি-সংশ্লিষ্ট ত্রাণবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আরএসএফের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। হামলাগুলো ঘটে রাজ্যটির রাজধানী এল-ওবেইদকে প্রতিবেশী হোয়াইট নাইল রাজ্যের কোস্তির সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়কে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওচা) জানিয়েছে, ভোরের প্রথম হামলায় এর-রাহাদ এলাকায় তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। পরে আল্লাহ কারিম এলাকায় আরও একটি হামলায় চারটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল।

এ ছাড়া উম রাওয়াবা এলাকায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকারে তিনটি ড্রোন হামলা চালানো হয়, যাতে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ডব্লিউএফপি এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এল-ওবেইদে বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল ত্রাণবহরটি। সংস্থাটি এই হামলাকে “আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন” উল্লেখ করে একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা একটি স্বাধীন তদন্ত এবং মানবিক কর্মী ও অবকাঠামোর সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটির আরব ও আফ্রিকা বিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বুলুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য পাঠানো খাদ্যবাহী বহরে হামলা চালিয়ে একজনকে হত্যা ও বহু মানুষকে আহত করা নিন্দনীয়। তিনি এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ডেনিস ব্রাউন জানান, কোস্তি থেকে এল-ওবেইদের আশপাশে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিল ট্রাকগুলো। তিনি আরও জানান, এর আগেও ব্লু নাইল রাজ্যের ইয়াবুসে ডব্লিউএফপি-সংশ্লিষ্ট একটি স্থাপনায় ড্রোন হামলায় একজন কর্মী আহত হন।

প্রায় তিন বছর ধরে চলমান সুদানের সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতে এ পর্যন্ত কয়েক দশক হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে দুই কোটিরও বেশি সুদানি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশের প্রায় দুই-তৃতীয়াংশ জনগণের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

-বেলাল হোসেন