গ্ল্যামারকন্যা আইরিন সুলতানা ক্যারিয়ারের শুরুর দিকে মডেলিং ও টিভি নাটকে অভিনয়ের পর থিতু হন বড় পর্দায়। লম্বা একটি বিরতির পর ফের ছোট পর্দায় দেখা যাচ্ছে। বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক ‘মহল্লা’তে সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। ফরিদুল হাসানের এই ধারাবাহিকে আইরিনের উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা।
‘মহল্লা’ প্রসঙ্গে আইরিন বলেন, “পরিচালক যখন জানালেন, ঢাকাই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে হবে, তখন আগ্রহ জাগে। চিত্রনাট্য পড়ার পর চরিত্রটি পছন্দ হয়। সে সূত্রে ‘মহল্লা’র সঙ্গে জড়িয়ে পড়লাম। সবে প্রচার শুরু হয়েছে। ভালো সাড়া পাচ্ছি। কাজের অভিজ্ঞতাও ভালো ছিল। বন্ধুত্বপূর্ণ পরিবেশ পেয়েছি। কাজটি করে আনন্দ পেয়েছি।” বড় পর্দার অভিনেত্রী ছোট পর্দায় কাজ করলে অনেকে ভিন্ন চোখে দেখেন।
আইরিন তার অভিমত জানিয়ে বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয়কে আলাদা করে দেখা হয় না। এ সময়ে বড় পর্দার সিনেমা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। দর্শক মোবাইল ফোনে সিনেমা দেখছে। আমি বড় পর্দা, ছোট পর্দা মাথায় রেখে অভিনয় করি না। চরিত্রটি কেমন তা দেখেই কাজ করি। তা ছাড়া অভিনয়ই তো করছি।’
নাটকে নিয়মিত কাজ করবেন কি না জানতে চাইলে আইরিনের ঝটপট উত্তর, ‘ভালো গল্প এলে কাজ করব। এখানে আমার বাছবিচার নেই।’
আইরিন অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তার মধ্যে রয়েছে ‘ রৌদ্র ছায়া’, ‘একজন কবির মৃত্যু’, ‘ চৈত্র দুপুর’ ও ‘হৃদমাঝারে তুমি’। নতুন সিনেমার বিষয়ে স্বভাবসুলভ মিষ্টি হাসি হেসে আইরিন জানালেন, সিনেমার কাজ করলে তো জানবেনই।
দেশে সিনেমা মুক্তি পেলেও দর্শক হচ্ছে না। বড় তারকার সিনেমা প্রত্যাশা মেটাতে পারছে না। এ বিষয়ে
আইরিন বললেন, ‘আগের দিনে আমরা টেলিভিশন ও ভিসিআরে সিনেমা দেখতাম। এখন মুঠোফোনের মধ্যে সব পাওয়া যাচ্ছে। বিভিন্ন ভাষার কনটেন্ট দেখার সুযোগ মিলছে। আমরা যান্ত্রিক জীবনে ঢুকে গেছি। সে জন্যই মূলত সিনেমার দর্শক কমে গেছে বলে মনে হয়।’
মাহমুদ সালেহীন খান










