বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পরিবর্তন করে নতুন এক বয়ান তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন ইতিহাসের নতুন ‘ঘোষক’ সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের মানুষ জানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ জামায়াত আমির এখন নতুন করে অন্য একজনকে (কর্নেল অলি আহমদ) ঘোষক হিসেবে দাবি করে ইতিহাস বিকৃতি করছেন। ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, আর আজ তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নতুন প্রজন্মকে ঠকাচ্ছে।”
জামায়াতের নির্বাচনী প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিশ্বাস করে না। আমাদের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। কিন্তু জামায়াত নির্দিষ্ট কোনো উন্নয়নের রূপরেখা না দিয়ে ভোটের বিনিময়ে ‘জান্নাতের লোভ’ দেখিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। জান্নাত দেওয়ার ঠিকাদারি আল্লাহ জামায়াতকে দেননি।”
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার নিয়ে তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন: কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে। কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করার উদ্যোগ নেওয়া হবে। সরকার গঠন করলে দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ড প্রবর্তন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে দেশের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে অভিহিত করে তিনি বলেন, “স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে অংশীদার হতে হবে।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফুর রহমান কাজল। এছাড়াও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
–লামিয়া আক্তার










