শাহবাগ ও আশপাশে বাড়তি নিরাপত্তা, সংঘর্ষের পর সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীর শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর শনিবার সকাল থেকেই এই নিরাপত্তা জোরদার করা হয়।

শনিবার সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। একই সঙ্গে এসব এলাকায় সারি সারি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। তবে আজ শাহবাগ, কাকরাইল কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড বসানো হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এসব এলাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম। পথচারীর সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম।

উল্লেখ্য, গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখেই হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেবো।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-এমইউএম