উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর তিনি ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সে কারণেই ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিএনপি নেতা-কর্মীদের জন্য বিশেষ আবেগের, যার বহিঃপ্রকাশ ঘটেছে বিপুল জনসমাগমে।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর পবিত্র গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সকাল ১১টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এর আগে সকাল থেকেই নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন। অনেকের হাতে ছিল ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড।
সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপির প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম,
ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ,
পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির,
পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং
পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম।
ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুর পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান। একই দিনে দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
-এমইউএম










