নির্বাচন ঘিরে স্বাস্থ্যসুরক্ষা: সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ (বুথ) ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং কর্মকর্তা থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র ও বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যালট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪০ হাজারের বেশি, দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়।

-এজাজ আহম্মেদ