ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি খন্দকার মুক্তাদিরের

সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনরা নানা অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর মিরাপাড়া এবং পরে সোবাহানীঘাটের হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি হচ্ছে হাদিয়া বৃদ্ধি। ইনশা আল্লাহ, বিএনপি সরকার গঠন করলে তাদের হাদিয়া বৃদ্ধির বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের নৈতিক ও ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের নিয়োগ ও অবসানের ক্ষেত্রে এখনো কোনো সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় এলে এ প্রক্রিয়াকে নীতিমালার আওতায় আনা হবে। এছাড়া মসজিদকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে ইমামদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

গণসংযোগে তিনি ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা শুনেন। পাশাপাশি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও পরিকল্পনা তুলে ধরেন।

এদিন উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।

একই দিনে খন্দকার মুক্তাদিরের সমর্থনে সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিভিক্স ভয়েজ-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকারের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে সুরমা নদীর পার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকে আশিক উদ্দিন আশু, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী ও রুবেল ইসলাম প্রমুখ।

-আহমেদ পাবেল, সিলেট