বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সীমান্তবর্তী জনপদে ধানের শীষের গণজোয়ার প্রমাণ করে এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর, ঢালার পার, গোয়াইনঘাটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কর্মসংস্থান নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। জনগনের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই দুই উপজেলায় সড়ক–সেতু উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন ও পাথর শিল্পে স্থানীয় মানুষের অধিকার নিশ্চিত এবং প্রশাসনিক হয়রানি বন্ধ করব। এই তিন উপজেলাকে একীভূত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। পাহাড়, নদী, খনিজ সম্পদ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে, যাতে এই অঞ্চলের মানুষ নিজের এলাকাতেই সম্মানজনক জীবিকা পায়।
তিনি আরো বলেন, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়—এটি মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ের প্রতীক। এই আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত নেতা, যিনি এই এলাকার সমস্যা বোঝেন এবং সমাধানের সক্ষমতা রাখেন। তাকে বিজয়ী করতে পারলে সিলেট–৪ এর মানুষ তাদের হারানো অধিকার ও মর্যাদা ফিরে পাবে। তাই আমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই—ভোটের দিনে ঘর থেকে বের হয়ে আসুন, ধানের শীষে ভোট দিন, উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রায় দিন। এই আসনকে অবহেলা থেকে মুক্ত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।
দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যান যুব সংঘের সভাপতি বেনজির আহমদ সুমনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সামা হক চৌধুরী, সিলেট জেলা মহিলাদলের (ভারপ্রাপ্ত) সভাপতি তাহসিন শারমিন তামান্না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কাতার বিএনপির সাধারণর শরিফুল হক সাজু, শফিকুর রহমান টুটুল, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপি, সিলেট জেলা মহিলাদলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনভর সিলেট- ৪ আসনের গোয়াইনঘাট উজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
-আহমেদ পাবেল, সিলেট










