ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদ জামায়াতের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের ‘হামলার’ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রকে অবশ্যই দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলে পুলিশি দমন-পীড়ন গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সাংবিধানিক অধিকার। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, বুট ও গুলির মাধ্যমে তা দমন নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া উদ্বেগজনক। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে শুক্রবার চিকিৎসাধীন আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান জামায়াত নেতারা। পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকাও।

-সাইমুন