তিন আফ্রিকান দেশ সম্মত, যুক্তরাজ্যে ফেরত নেবে অবৈধ অভিবাসীদের

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ভিসা শাস্তির হুমকি দেওয়ার পর তিনটি আফ্রিকান দেশ – অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো – অবৈধ ও অপরাধমূলক অভিবাসীদের ফেরত নেওয়ার জন্য সম্মত হয়েছে।

মাহমুদ বলেন, “আমার বার্তা স্পষ্ট: যদি কোনো দেশ তাদের নাগরিকদের ফেরত দিতে অস্বীকার করে, তাদেরকে ভিসা সম্পর্কিত পদক্ষেপের মুখোমুখি হতে হবে।”

হোম অফিস জানিয়েছে, এই তিন দেশের নাগরিকদের মধ্যে প্রায় ৩,০০০ জনকে ফেরত পাঠানো বা নির্বাসিত করার যোগ্য। গত বছর যুক্তরাজ্য থেকে মোট ৩৬,৪৭৫ জনকে ফেরত পাঠানো বা নির্বাসিত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১% বেশি। এর মধ্যে ৫,০০০ জন বিদেশি অপরাধী ছিলেন।

মাহমুদ আরও বলেন, “অবৈধ অভিবাসী ও বিপজ্জনক অপরাধীরা এখন যথাযথভাবে ফেরত পাঠানো হবে। আমি আমাদের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা প্রয়োজন তা করব।” সরকার আশা করছে, অবৈধ অভিবাসীদের ফেরতের হার বৃদ্ধি হলে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা কমবে।

-বেলাল হোসেন