বোরহানউদ্দিনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে মোঃ বিল্লাল হোসেন জুয়েলের সভাপতিত্বে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে পাঠাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পাঠাগারের সভাপতি, সম্পাদক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান শিক্ষক জনাব নান্টু চন্দ্র বলেন, “বই মানুষের প্রকৃত বন্ধু। জ্ঞান অর্জন ও নৈতিক মানুষ গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশেও যেতে বলেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের “At the Library” পাঠটি এই পাঠাগার পরিদর্শনের মাধ্যমে সহজে ও সুন্দরভাবে আত্মস্থ করা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক ইকবাল হোসেন বলেন, “বর্তমান প্রজন্মকে বইমুখী করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে জ্ঞানের পরিধি বাড়বে। অনুষ্ঠান শেষে বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ভোলা