অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

মাদারীপুর সদর উপজেলার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গোলাবাড়ি এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ডিসি অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা শাখা সড়কে ঢোকার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।

আহতরা হলেন মাদারীপুর পৌরসভার শরীফ বাড়ি এলাকার আবুল কালামের ছেলে হাসান (২৫) এবং বাচ্চু মাতুব্বরের ছেলে নাঈম (২৫)। আহত অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে কোনো স্পিড ব্রেকার, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সতর্কতামূলক চিহ্ন না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় পথচারীদেরও ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর