ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্যরা গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মসলে উদ্দিন (জসিম), পাবলিক প্রসিকিউটর ও সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জামাল উদ্দিন খন্দকার, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ ইসা, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোঃ বাবুল হোসেন, আইনজীবী মোহাম্মদ শহিদ গাজী এবং আইনজীবী এস. এম. মিজানুর রহমান (সামিম)।
গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ জনগণকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তারা বলেন, বাবুগঞ্জ উপজেলায় বর্তমানে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। এডভোকেট জয়নুল আবেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বাবুগঞ্জে একটি আধুনিক ও উন্নতমানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
ফাহিম আহমেদ, বরিশাল










