যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানকে লক্ষ্য করে পরিচালিত হামলায় দুইজন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, অভিযানে দুইজন মাদক–সন্ত্রাসী নিহত হয়েছে। তারা প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে পরিচালিত এক সামরিক অভিযানে প্রাণ হারান বলে দাবি করা হয়।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল—এমন কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান পরিচালিত হয়েছে, যাতে ১২৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে নৌযান লক্ষ্য করে চালানো এটিই প্রথম নথিভুক্ত হামলা।
সূত্র: আলজাজিরা










