যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা

যুদ্ধবিরতির চুক্তি অমান্য করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান এলাকার খাল্লাত খাজেমের নিকটবর্তী আল-ওয়াজানিয়েহ অঞ্চলে একটি ইসরায়েলি বিমান আঘাত হানে।

এ ছাড়া পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পাশাপাশি হামলার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলের আকাশে নিচু উচ্চতায় ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। এই সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছে।

আফরিনা সুলতানা/