অভিযোগ অস্বীকার, জামিন পেলেন বঙ্গভবনের কর্মী

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম। আদালত তাকে জামিন দিয়েছেন। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় গোয়েন্দা (ডিবি) হেফাজতে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ আদালতে বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে তার জামিনের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য দিয়েছেন।

ছরওয়ারে আলম আদালতকে বলেন, ‘আমি স্বেচ্ছায় আমার মোবাইল, ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি। খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি ১০০ পার্সেন্ট নিজেকে নির্দোষ দাবি করছি।’

গত ৩১ জানুয়ারি নারীবিদ্বেষী পোস্টের পর ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠে। গত বুধবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় মামলা করেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম। মামলায় ছরওয়ারে আলমকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

-সাইমুন