রাজধানীতে পানি ও বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক ‘ব্লু’ বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগগুলোর স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ওয়াটারএইড বাংলাদেশের উদ্ভাবন ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘ব্লু’-এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে উদ্ভাবনকে কেবল ধারণা উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংযোগ, অর্থায়নে প্রবেশাধিকার এবং স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কার্যকর সহযোগিতার মাধ্যমে এসব উদ্ভাবনকে বাস্তবসম্মত ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য উদ্যোগে রূপ দিতে হবে।
ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর (টেকনিক্যাল সার্ভিসেস) এবং কান্ট্রি ডিরেক্টর (ইন-চার্জ) মো. তাহমিদুল ইসলাম বলেন, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্ভাবনের বড় সম্ভাবনা রয়েছে। তবে শুধু ধারণা থাকলেই যথেষ্ট নয়। ব্লু-এর মতো প্ল্যাটফর্ম উদ্ভাবনকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, অর্থায়ন ও অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করে যাতে একটি ধারণা বাস্তব ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানে রূপ নিতে পারে।
এ সময় সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসাইন তরুণ উদ্যোক্তাদের বাস্তবায়ন, নীতিমালা অনুসরণ এবং ব্যবসায়িক প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের আরও সুস্পষ্ট সহায়তা প্রদানের আহ্বান জানান।
‘ব্লু’ বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় সারাদেশ থেকে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে মোট ৩১৫টি ব্যবসায়িক ধারণা জমা পড়ে। কাঠামোবদ্ধ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০টি দল সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয় এবং পরবর্তীতে আঞ্চলিক পিচিং ইভেন্টের মাধ্যমে ১০টি চূড়ান্ত দল নির্বাচিত হয়। এসব দল তিন দিনব্যাপী আবাসিক বুটক্যাম্পে অংশগ্রহণ করে। সেখানে তাদের ব্যবসায়িক মডেলিং, বাজেট প্রণয়ন, প্রভাব পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রস্তুতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়টি দলকে সার্বিক সহায়তার চুক্তিপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বাকি চারটি দলকে নগদ আর্থিক পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
-সাইমুন










