জামায়াত ডিজিটাল ষড়যন্ত্র জানে: কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে। জামায়াতে ইসলামী ডিজিটাল ষড়যন্ত্র জানে তাদের সে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করবেন এবং ফলাফল নিয়েই ঘরে ফিরবেন।

আজ বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি কেন্দ্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়কোবাদ বলেন, আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন। আওয়ামী লীগ আমার প্রতি জুলুম করেছে আর আমার আল্লাহ সকল জুলুম নির্যাতন থেকে উদ্ধার করে আমাকে সম্মানের সাথে দেশে নিয়ে এসেছে। এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আমাকে রিসিভ করেছে। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারো আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

উপজেলার যাত্রাপুরের মোচাগড়া, নবীপুর পশ্চিমের কুলুবাড়ি, কোম্পানীগন্জ বাজার, নবীপুর ও রহিমপুর ঈদগাঁহ মাঠ, নবীপুর গুন্জরসহ পৃথক পৃথক বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, মির্জা শহিদুল্লাহ,নজরুল ইসলাম, সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ প্রমুখ।

-সাইমুন