দিনাজপুর সীমান্তে দুটি বিদেশি শুটার গান গুলি ও মাদক উদ্ধার

দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বাড়তি নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি প্রেস ব্রিফিং-এ জানান, নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ ৬টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছে।এরই অংশ হিসাবে, গত বুধবার রাতে মোহনপুর বিওপির কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়।এ সময় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানিদের গতিবিধি টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারীরা মালামালভর্তি ছয়টি বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়। অভিযানে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, জি+, বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– শাহজালাল, দিনাজপুর