নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধভাবে অতিরিক্ত ওজনের বালু পরিবহন, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি বালুবাহী ট্রাককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযানকালে দেখা যায়, নির্ধারিত ওজনসীমা অতিক্রম করে বালু পরিবহনের ফলে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া তল্লাশিতে সংশ্লিষ্ট যানবাহনগুলোর বৈধ ফিটনেস সনদ পাওয়া যায়নি এবং কয়েকজন চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না।
এ সময় তিনটি ড্রাম ট্রাকের মধ্যে দুটি গাড়িকে ২৫ হাজার টাকা করে এবং অপর একটি গাড়িকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থ রক্ষা ও সড়ক অবকাঠামো সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হামিদুল হক( রিপন) , নোয়াখালী










