নওগাঁর জনসভায় ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় বিশাল জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নওগাঁ স্টেডিয়াম মাঠে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সরাসরি শহরের ঐতিহাসিক এটিএম মাঠের সমাবেশস্থলে পৌঁছান।

জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছালে আগে থেকেই অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক গগণবিদারী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘জামায়াত আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে ভোর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন।

জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পুরো সমাবেশ এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নওগাঁর এই জনসভায় প্রধান অতিথির ভাষণ শেষে ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। দলীয় সূত্রমতে, আজকের এই উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে রাজশাহী এবং নাটোরেও পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

সমাবেশ মঞ্চে ইতিমধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে একটি সমৃদ্ধ ও ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

লামিয়া আক্তার