কানাডার অন্টারিও প্রদেশের রাষ্ট্রাচার প্রধান (চিফ অব প্রটোকল) ভেরোনিকা প্যান্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহ্ আলম খোকন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে ভেরোনিকা প্যান্টন বাংলাদেশের কনসাল জেনারেলকে উষ্ণ অভ্যর্থনা জানান। আলোচনায় অন্টারিওতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলাদেশ ও কানাডার মধ্যে বিশেষ করে অন্টারিও প্রদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।
অন্টারিওর রাষ্ট্রাচার প্রধান উল্লেখ করেন যে, নিউইয়র্কের পর টরন্টোতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কনস্যুলার মিশনের উপস্থিতি রয়েছে। তিনি কনসাল জেনারেলকে অন্টারিও কর্তৃপক্ষ আয়োজিত টরন্টোর কনস্যুলার কোরের আগামী অনুষ্ঠানগুলোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
পাল্টা আমন্ত্রণে কনসাল জেনারেল শাহ্ আলম খোকন আগামী ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে ভেরোনিকা প্যান্টনকে উপস্থিত থাকতে অনুরোধ করেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রাচার প্রধানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূর্ণ আতিথেয়তা প্রদানের নিশ্চয়তা দেন।