দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং চলমান ধর্মঘট নিরসনে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই জরুরি সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে বন্দরে কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি দেখা দেওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদ্ভূত এই অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণই সভার প্রধান লক্ষ্য।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্য খালাস ও লোডিং কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে সব পক্ষের মতামত গ্রহণ করা হবে।
সম্প্রতি শ্রমিকদের ধর্মঘটের কারণে বহির্নোঙর ও জেটিতে পণ্যজট প্রকট আকার ধারণ করেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে নিত্যপণ্যের সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই হাই-প্রোফাইল বৈঠক থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত এলে বন্দরের স্বাভাবিক ছন্দ দ্রুত ফিরে আসবে এবং পণ্য খালাস কার্যক্রম গতিশীল হবে।
–লামিয়া আক্তার










