সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়
নিহত মিজানুর রহমান মজনু উপজেলার সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। তিনি বিলবালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তার সহকর্মী মাজেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিক্ষক মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ি ফেরেন। এরপর বাড়ির উঠানে নিজের সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

Asraful