শিবচরে আ.লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরের শিবচরে নির্বাচনী প্রচারণায় দীর্ঘদিন পলাতক থাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে অংশগ্রহণের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘শিবচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পলাতক নেতাদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্প্রতি নির্বাচনী উঠান বৈঠকে এবং প্রচারণায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক ও আলোচিত নেতাদের দেখা গেছে। অভিযোগ উঠেছে, এই নেতারা স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট চাইছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়।

বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
জুলাই গণ-অভ্যুত্থানের পরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্যে আসা এবং নির্বাচনকে অস্থিতিশীল করার পাঁয়তারার অভিযোগ তুলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন ‘জুলাই যোদ্ধারা’। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

২৪ ঘণ্টার আল্টিমেটাম
আন্দোলনকারীদের পক্ষে শাহাদাত হোসেন মিশন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা না হয়, তাহলে পাঁচ হাজার লোক নিয়ে আমরা থানা ঘেরাও করব।”

পুলিশের বক্তব্য
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হওয়া আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Asraful