বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের একদিন পর শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ফিশিং ট্রলারটি দুর্ঘটনায় পড়ে ডুবে যায়।
নিহতরা হলেন—কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৬) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু (১৭)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালী এলাকার মাহামুল করিমের ছেলে ফয়সাল (১৯)।
ট্রলারের মালিক মোহাম্মদ কামাল সওদাগর জানান, মাছ ধরার জন্য জাল নিক্ষেপের সময় নোঙরের সঙ্গে আটকে গিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট আটজন জেলে ছিলেন। দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
– এমইউএম/










