ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। ব্যথায় কাতর হামজাকে কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে খেলা চালিয়ে যেতে না পারায় ম্যাচের ২৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
হামজার চোটে বাংলাদেশের ফুটবলভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চোট কতটা গুরুতর, তিনি কবে মাঠে ফিরতে পারবেন এবং পরের ম্যাচে বাংলাদেশ দল তাকে পাবে কি না—এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর লেস্টার সিটি নিশ্চিত করেছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এমসিএল ইনজুরি হিসেবে পরিচিত। পুরোপুরি সেরে উঠতে তার ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে।
তবে স্বস্তির বিষয় হলো, এই চোটে হামজার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে তিনি মার্চের তৃতীয় কিংবা শেষ সপ্তাহে মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর সফরে যাবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে মার্চেই আবার বাংলাদেশের জার্সিতে হামজাকে মাঠে দেখা যেতে পারে।
-এমইউএম










