ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেছেন, “বিগত নির্বাচনের খারাপ অভিজ্ঞতা এবার আর টেনে আনা যাবে না। এবারের নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিম—সঠিক পথে। যারা আগের মতো অনিয়মের চিন্তা করছেন, তারা এখনই দায়িত্ব থেকে সরে যান।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পেশাগত দায়িত্বে বেইমানি করলে শোকজ বা সাসপেনশন দিতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না। সব লেটার প্রস্তুত আছে শুধু নাম লেখার বাকি।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমরা বহুবার ব্যর্থ হয়েছি, এবার ব্যর্থ হতে চাই না। যারা ব্যর্থ হতে চান, তারা নিজের নাম কেটে দিন। কিন্তু যারা দায়িত্বে থেকে অনিয়ম করবেন, তাদের জন্য আমরা দুর্ভোগের কারণ হবো।”
নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে উল্লেখ করে তিনি বলেন, “সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করলে অ্যাপস ও সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইশ্বরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন। সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় এবং চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা। ভোটগ্রহণ সংক্রান্ত আইন, ব্যালট পেপার ও গ্যাজেট ব্যবস্থাপনা, ভোটার তালিকা যাচাই, ভোটকেন্দ্র পরিচালনা, ভুয়া ভোট প্রতিরোধ, গণনা প্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, ভোটগ্রহণ চলাকালীন ও ভোট শেষে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে হবে। কাউন্টিং রুমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৯২টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত কক্ষ ও বুথ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মোতাহসিম, ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ইশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদসহ অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়বে এবং অবাধ ও নির্ভয় ভোটগ্রহণ নিশ্চিত হবে।
-মিয়া সুলেমান,ইশ্বরগঞ্জ(ময়মনসিংহ)










