দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ)-এর নেতা জন স্টিনহুইসেন আগামী এপ্রিলের দলীয় সম্মেলনে পুনর্নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত দেশটির জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
২০১৯ সাল থেকে ডিএ-এর নেতৃত্বে থাকা স্টিনহুইসেন বর্তমানে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর সঙ্গে জোট সরকারে যোগ দেয় ডিএ। সংবাদ সম্মেলনে স্টিনহুইসেন বলেন, মেয়াদের বাকি সময় তিনি দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খুরা রোগ (ফুট-অ্যান্ড-মাউথ ডিজিজ) মোকাবিলায় সম্পূর্ণ মনোযোগ দেবেন। দলীয় অভ্যন্তরীণ বিরোধ, ক্রেডিট কার্ড অপব্যবহারের অভিযোগ—যা থেকে তিনি জানুয়ারিতে মুক্তি পান-এবং রোগ মোকাবিলায় তার ভূমিকা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটেই তিনি পুনর্নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্টিনহুইসেনের নেতৃত্বেই ডিএ প্রথমবারের মতো এএনসি-র সঙ্গে জাতীয় ঐক্য সরকারে যোগ দেয়, যা দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
-বেলাল










