পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে বালুচ বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষ থামাতে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করেছে নিরাপত্তা বাহিনী। তিন দিনব্যাপী লড়াইয়ের পর খনিজসমৃদ্ধ নুশকি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।খবর আলজাজিরার।
সংঘর্ষে অন্তত সাতজন নিরাপত্তা সদস্য নিহত হন। কর্মকর্তারা জানান, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং আকাশপথে হামলা চালানো হয়েছে।
বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) গত শনিবার প্রদেশজুড়ে ব্যাংক, স্কুল, বাজার ও নিরাপত্তা স্থাপনায় একযোগে হামলা চালায়। রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও হামলায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে এখন পর্যন্ত ১৯৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রদেশজুড়ে জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
দশকের পর দশক ধরে বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রাকৃতিক সম্পদের শোষণের অভিযোগ তুলে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
-বেলাল










